গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এর আগে ওই ইউপির নয়জন সদস্য (মেম্বার) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় তার বিরুদ্ধে তদন্ত করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পবনাপুর ইউপির চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমানের বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ইউপির নয়জন সদস্য।
এ বিষয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, শিগগিরই এ সব বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি গেজেট জারি করা হবে।