রংপুরে আইজিপি

জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে পুলিশ প্রস্তুত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় দায়িত্ব পালন করবে।’ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলরুম (কল্যান ফান্ড) সেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা হবে। এনিয়ে কোনো হুমকি নেই, গুরুতর বিষয় হিসেবে দেখছি না। তারপরও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে আগুনের ঘটনায় আইজিপি বলেন, এখনো আমরা নিশ্চিত নই যে এগুলো জঙ্গি কিংবা অন্য কোনো কারণে হয়েছে। বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্মতুষ্টিতে নেই। পুলিশ সবসময় সজাগ রয়েছে বিভিন্ন ব্যাপারে।

জানা গেছে, রংপুর পুলিশ লাইনস মাল্টিপারপাস হলরুম কল্যাণ ফান্ড নির্মাণে মোট ব্যয় হয় ২ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৭৫ টাকা। এ ছাড়াও ১০তলা ট্রেনিং সেন্টার ১৯ কোটি ১৮ লাখ ও ছয়তলা পুলিশ অফিসার্স মেস ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।