‘সব শেষ ভাই সব শেষ’ কান্না জড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন আগুনে পুড়ে যাওয়া রাজধানীর নিউ সুপার মার্কেটের এক ব্যবসায়ী।
শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিউ সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ব্যবসায়ী মঈনুল হোসেন।
তিনি বলেন, আমাগো সব শেষ হয়ে গেছে, আগুনে সব শেষ করে দিছে। ঈদে মাল তোলার জন্য জায়গা বেঁচছি, লোন নিয়ে ব্যবসা শুরু করছি সব শেষ। বিগত দুই বছর করোনার কারণে ব্যবসা মন্দা গেছে। এবার একটু ব্যবসা ভালো। কান্না করতে করতে বলেন, হে আল্লাহ আমরা কি পাপ করছি।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবীরাও।