ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

দেশে ৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ জন নিহত, ১৭ অগ্নিবীরের পরিবারকে সম্মাননা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

রাজধানীতে তিনদিনের ১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬ শনিবার (২৮ নভেম্বর) রাতে শেষ হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ইসাব আয়োজিত প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে সেমিনারে জানানো হয়, ৯ বছরে দেশে অগ্নিকাণ্ডে ১,১৬১ জন নিহত হয়েছেন।

প্রদর্শনীতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, সাইবার নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসংক্রান্ত প্রযুক্তি প্রদর্শন করা হয়। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম দেখতে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল এক্সপো প্রাঙ্গণ। অনুষ্ঠানে ১৭ শহীদ পরিবারের কাছে ‘ইসাব অগ্নিবীর অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এছাড়াও জয়ী প্রতিষ্ঠানগুলোকে ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি  বলেন, শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। অগ্নিদুর্ঘটনা আসলে অবকাঠােমো ও অন্যান্য আনুৃষাঙ্গিক ত্রুটির ফলে সৃষ্টি হয়-এটাকে হত্যাকান্ডও বলা যায়। তা  প্রতিরোধে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না, বরং আগে থেকেই কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সরকার দেশী উদ্যোক্তাদের নানা ধরনের সুবিধা দিচ্ছে। আগামীতে তা আরো বাড়ানো হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি)। তিনদিনের মেলায় সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং এনএফপিএসহ বিভিন্ন সংস্থা।

তার আগে শনিবার বিকেলে ‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন: বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধে বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব জানান, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৯ বছরে  দেশে ২,০৯,৯৩৯টি অগ্নিকান্ডে ১,১৬১ জন মারা গেছেন এবং ৩,৭৯২ জন আহত হয়েছেন। বেইলি রোড ও এফআর টাওয়ারের ঘটনা থেকে জানা গেছে, অনুমোদনহীন নির্মাণ, বেআইনিভাবে ভবনের ব্যবহার পরিবর্তন, নকশা ও প্রকৌশলগত ত্র“টি, উলম্ব শ্যাফটের মধ্য দিয়ে ধোঁয়া ছড়ানো (স্ট্যাক এফেক্ট), অপর্যাপ্ত নির্গমন পথ এবং অগ্নিনির্বাপণ সক্ষমতার সীমাবদ্ধতা মিলে কীভাবে একটি স্থানীয় আগুন ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়। মুল প্রবন্ধে ইকবাল হাবিব বলেন, অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো পরিকল্পনা, নকশা, অবকাঠামো ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার প্রকাশ। এজন্য অগ্নিনিরাপত্তাকে নকশার প্রথম ধাপ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত ভবনের পুরো জীবনচক্রে বিবেচনা করতে হবে।

শনিবার সকালে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিনের উপস্থিতিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বাড়বে।

ইসাব এর নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হেলাল) বলেন, তিনদিনের এই প্রদর্শনীতে অংশীজন ও ক্রেতা- দর্শকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল দেখার মতোই। অগ্নি নিরাপত্তা খাতে সুরক্ষা ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগের যে বিকল্প নেই- তা সংশ্লিষ্টরা আরো ভিন্ন মাত্রায় অনুধাবন করেছেন।  

ইসাব এর সদ্য সাবেক মহাসচিব ও বর্তমান সদস্য জাকির উদ্দিন আহমেদ বলেন, ইসাব এর বর্তমান কমিটিসহ পুরনো ও অভিজ্ঞ সদস্যদের সমন্বিত উদ্যোগে এই প্রদর্শনী ভিন্ন মাত্রা পেয়েছে সরকারি-বেসরকারি অংশীজনদের অংশগ্রহণের মধ্য দিয়ে।

প্রদর্শনীর প্রতিটি দিন গুরুত্বপূর্ন বিষয়ের ওপর সেমিনার থেকেও বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। অগ্নি নিরাপত্তা খাতে সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য সরকারকে আমাদের বিভিন্ন দাবি পুরনে দ্রুত সাড়া দিতে হবে।্এবার সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন আশ্বাস দিয়েছেন-তাতে আমরা আশ্বস্ত হয়েছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত