ঈদের আগে রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, আমি অনুরোধ জানাব, আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো যেন বিষয়টি খতিয়ে দেখেন।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের সামনে আয়োজিত ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস মহাপরিচালক এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনোযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, মানুষের জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে।
তিনি আরও বলেন, উৎসুক জনতা ভিড় করার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছে। আমি আহ্বান জানাব শুধু এখানকার আগুন নয়, যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।
এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ১২ দমকলকর্মীসহ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ দোকান কর্মচারীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হন বলে জানা যায়।