বাফুফের সিদ্ধান্ত জানা যাবে দুদিন পর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার ঘটনার প্রায় একদিন পেরিয়েছে। এই সিদ্ধান্তের পরে করণীয় বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। তবে মুখ খুলেছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। তারা জানিয়েছে, দুদিন পর জানা যাবে ফেডারেশন কি সিদ্ধান্ত নেবে।

আজ বিকেল ৩টার দিকে বাফুফের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে তিনি এই কথা জানিয়েছেন।

আবু নাঈম সোহাগকে শুক্রবার ফিফা নিষিদ্ধ করার পর সে বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডেকেছিলেন সালাউদ্দিন। তবে প্রশ্ন করার সুযোগ খুব একটা দিলেন না তিনি। শুরুতেই নিজে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেন।

সালাউদ্দিন তার বক্তৃতায় বলেন, এরই মধ্যে ফিফার সিদ্ধান্ত মেনে সোহাগকে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বাফুফে সভার পর।

আপাতত ফিফার নিষেধাজ্ঞার চিঠিটাই অনুসরণ করছে বাফুফে। সালাউদ্দিন বলেছেন, ‘ফিফা বলেছে নিষিদ্ধ রাখতে, সেটাই করা হয়েছে। ওখানেই আছি আমরা। আরও বাদ বাকি কী পদক্ষেপ নেবো, সেটার জন্য আরও দুইদিন অপেক্ষা করতে হবে। সোমবার ফিফা খুলবে। জেনারেল সেক্রেটারির সঙ্গে আলোচনার পর আমরা নিজেরা সভা করে পরবর্তী পদক্ষেপ নেব।’