ফুটপাতে আশ্রয় নেওয়া ভবঘুরেদের ইফতার

ফুটপাতে আশ্রয় নেওয়া ভবঘুরেসহ এতিম, অসহায় মানুষদের জন্য ‘ভাসমান ইফতার বিতরণ’ নামে দেশের বিভিন্ন স্থানে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে কায়রা ফাউন্ডেশন। এ আয়োজনে রিকশাওয়ালা, নিম্নআয়ের মানুষ, ফুটপাতে আশ্রয় নেওয়া ভবঘুরে, এতিম, অসহায়দের জন্য এমন মানবিক আয়োজন মানুষের নজর কেড়েছে। সংস্থাটি দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত এমন ইফতারের আয়োজন করছে। এবার সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, উলিপুর, ময়মনসিংহ ও দিনাজপুরের বিভিন্ন স্থানে তারা ইফতার বিতরণ করছে। ময়মনসিংহ মহানগরে চরপাড়া ও রেলস্টেশন এলাকায় প্রতিদিনই ১০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।

রহিম উদ্দীন (৫০) থাকেন ময়মনসিংহের চরপাড়া এলাকায়। নিয়মিত রোজা রাখেন, তার একটি ভাসমান দোকান আছে। আয় খুব বেশি নয়। তিনি প্রতিদিন কায়রা ফাউন্ডেশনের দেওয়া বিনামূল্যের ইফতার পেয়ে থাকেন। তাতে তার অনেক উপকার হয় বলে জানান।

সরেজমিনে দেখা যায়, গত শুক্রবার ইফতারের আগ মুহূর্তে একদল স্বেচ্ছাসেবী খাবারের প্যাকেট ভাসমান মানুষের মধ্যে বিতরণ করছে। ময়মনসিংহ রেলস্টেশন এলাকার বাসিন্দারা জানান, ‘তরুণরা পারে সমাজের ভালো কাজ করতে। তাদের হাত ধরে নতুন পৃথিবী আলোর মুখ দেখবে।’ বিধবা নারী ফাতিমা দেশ রূপান্তরকে বলেন, ‘প্যাকেটের ভেতর খুলে দেখি- ভাত-সবজি ও দুই পিস মাংস। বাবারে! মাংস কেনার টাকা হয় না, যে দাম! ওগোরে আল্লাহ ভালো করুক, পানি মুখে দিয়ে এখন ভাতটা খাব।’

কায়রা ফাউন্ডেশন সভাপতি রফিকুল ইসলাম সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘রোজাদারকে ইফতার করানোর উদ্দেশ্য হচ্ছে- তাকে পেট ভরে তৃপ্ত করানো। তাই আমরা চেষ্টা করছি মানুষকে পেট ভরে খাওয়াতে।’

ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে আমরা কার্যক্রম করে থাকি। কায়রা ফাউন্ডেশন সূচনা হয় ২০১৯ সালে ১৯ জুন। ঢাকার অফিস জামান টাওয়ারে। বর্তমানে ১৪টি জেলা, ৭টি উপজেলা ও ৩টি ইউনিয়নে ফাউন্ডেশনের কাজ কাজ চলছে।