যান্ত্রিক গোলযোগের কারণে পুরো চট্টগ্রাম জেলায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হাটহাজারী অংশের গ্রিডে একটি ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণ হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৫টা থেকে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্র্তৃপক্ষ বলছে, গ্রিডে বিপর্যয়ের কারণে বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত ১ ঘণ্টা ১০ মিনিট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশ কটি এলাকা ২ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
পিডিবি সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪০ মিনিটে মদুনাঘাট ১৩২ কেভি সাব-স্টেশনে সিটি (কারেন্ট ট্রান্সফরমার) বিস্ফোরণের কারণে স্থানীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়। এতে করে হালিশহর, বন্দর, নাসিরাবাদ, বহদ্দারহাট, আসকার দীঘির পাড়, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, জামাল খান, কোতোয়ালি, আগ্রাবাদ, ইপিজেড, পাহাড়তলি, লোহাগাড়া, হাটহাজারী, সাতকানিয়া, আনোয়ারাসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে যান্ত্রিক ও কারিগরি ত্রুটি সারানো হলে ৫টা ৫০ মিনিটের দিকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হতে শুরু করে। তবে বেশ কটি বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো এলাকায় ২ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ ছিল না।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
বিউবোর হাটহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ খান বলেন, ‘হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের একটি ট্রান্সফরমারে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ট্রান্সফরমারের সঙ্গে মদুনাঘাট সাব-স্টেশনের সংযোগ রয়েছে। এই ট্রান্সফরমার থেকে চট্টগ্রাম তথা বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। ঘটনার পরপর বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কাজে লেগে যায়। ফলে ইফতারের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।’