টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে তিনজন আহত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে টঙ্গীর মন্নু গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. জামান (৫১), দেলোয়ার হোসেন (৩০) ও ৮ বছর বয়সী শিশু দীন মোহাম্মদ। তারা সবাই ঘটনাস্থলের পাশের বাসিন্দা। এর মধ্যে শিশু দীন মোহাম্মদ মাথায় আঘাত পেয়েছে। বাকিরা হাতে ও পিঠে আঘাত পান। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও অবস্থায়ই গুরুতর নয় বলে জানা গেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মন্নু গেট এলাকায় একটি বিশাল ক্রেন দিয়ে উড়ালসড়কের রড ওঠানোর কাজ চলছিল। রাস্তার পাশেই ছিল কয়েকটি দোকান ও বস্তিঘর। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ক্রেনটি রডসহ আড়াআড়িভাবে রাস্তার পাশের দুটি দোকানের ওপর উল্টে পড়ে। এ সময় ক্রেনের আঘাতে এবং তাড়াহুড়া করে দোকান থেকে বের হতে গিয়ে তিনজন আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় ঢাকামুখী সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় যান চলাচল শুরু হয়।

এই দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা বা ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করে দেখা হবে।

এর আগে গত বছরের ১৫ আগস্ট রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি প্রাইভেট কারের ওপর বিআরটি প্রকল্পের গার্ডার ধসে পাঁচজন নিহত হয়েছিলেন। এরপর দীর্ঘদিন প্রকল্পের কাজ বন্ধ ছিল।