প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রমনা বিভাগের একটি টিম। গ্রেপ্তার হয়েছেন মো. শাহাজাহান শেখ, মো. হারুন মল্লিক ওরফে বাবু মিয়া, মো. আরিফুল ইসলাম খান, মো. বাচ্চু মিয়া, মো. জানু মিয়া, খোকন মিয়া, হিরন হাওলাদার ওরফে সাগর।
রবিবার (১৬ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজিয়া ইসলাম জানান, শনিবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকার টোলারবাগে ফুটওভার ব্রিজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২টি লোহার রড, একটি বাঁশের লাঠি, ১টি নাইলন রশি, একটি স্কচটেপ, ১টি লোহার তৈরি প্লাস, একটি গামছা উদ্ধার করা হয়। দারুস সালাম থানায় এ ঘটনায় রবিবার একটি মামলা রুজু হয়েছে।
তিনি আরও জানান, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ডাকাতি করার উদ্দেশ্যেই গ্রেপ্তারকৃতরা ঘটনাস্থলে সমবেত হয় বলে স্বীকার করেছে। তারা বিভিন্ন ব্যাংক এলাকা, ঢাকা মহানগর ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী ও ঈদ যাত্রার যাত্রীদের লক্ষ্য করে ডাকাতি বা ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।