বাড়ির সামনে ইট ফেলে অবরুদ্ধ করার অভিযোগ

সাতক্ষীরায় কালীগঞ্জে কয়েক হাজার ইট ফেলে একটি পরিবারকে পাঁচ দিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই শিশুসন্তানকে নিয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তোলেন খাদিজা খাতুন নামে ওই নারী। তিনি কালীগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী।

খাদিজা খাতুন জানান, স্থানীয় ইটভাটার মালিক মতিয়ার রহমান তাদের বাড়ি ও দোকানের সামনে কয়েক হাজার ইট ফেলে তাদের অবরুদ্ধ করে রেখেছেন। এ জন্য তারা বাড়ি থেকে বের হতে পারছেন না, দোকানটিও খোলা যাচ্ছে না।

এদিকে ভাটামালিক মতিয়ার দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করে ইট ফেলার জায়গাটি তার নিজের বলে দাবি করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখছি। দলিলে জায়গাটি যার নামে রয়েছে তিনিই সঠিক সমাধান পাবেন।’