১৫ বছর পর...

২০০৮ সালের ১৮ এপ্রিল, আইপিএলের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এরপর আইপিএলে ৭৫টি সেঞ্চুরি হয়েছে। কিন্তু কেকেআরের আর কেউ সেঞ্চুরি করতে পারেননি। গতকাল ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেই খরা কাটালেন ভেঙ্কটেশ আইয়ার, তবে যথেষ্ট হলো না সেটিও। ঈশান কিষানের ঝোড়ো ফিফটি, সূর্যকুমার যাদবের ২৫ বলে ৪৩ রানের ইনিংসে কলকাতার দেওয়া ১৮৬ রানের লক্ষ্য মুম্বাই পেরিয়ে গেছে ৫ উইকেট ও ১৪ বল বাকি থাকতেই।

লিটন দাসকে কালও দলে নেয়নি কেকেআর। টসে হেরে ব্যাটিংয়ে নামে গুরবাজের সঙ্গে আইয়ার। কিন্তু তার ইনিংসটি ছাড়া তেমন কিছু ছিলও না। পুরো ইনিংসে হয়েছে ২২টি বাউন্ডারি, আইয়ার একাই এর মধ্যে মারেন ১৫টি (৬টি চার ও ৯টি ছয়)। একটা সময় পর্যন্ত কেকেআর ইনিংসের সব কটি বাউন্ডারিই ছিল আইয়ারের ব্যাটে। রহমানউল্লাহ গুরবাজ, নারায়ণ জগদিশানের পর নিতীশ রানা কলকাতার প্রথম চার ব্যাটসম্যানের তিনজন মিলে ২৭ বল খেলে করেন মাত্র ১৩ রান।

মিডল অর্ডারে শার্দুল ঠাকুর ও রিংকু সিং আইয়ারকে সঙ্গ দিয়েছেন যথাক্রমে ২৮ বলে ৫০ ও ২৭ বলে ৩৬ রানের জুটিতে। আইয়ার ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। কলকাতার তৃষিত সেঞ্চুরিটি আসে ইনিংসের ১৭তম ওভারে। ডুয়ান ইয়ানসেনের বলে সিঙ্গেল নিয়ে সেটি পান আইয়ার, সেটিও মাত্র ৪৯ বলেই। পরের ওভারেই রাইলি মেরেডিথের বলে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়, ৫১ বলে ১০৪ রান করে। আইয়ারের পর আন্দ্রে রাসেলের ১১ বলে ২১ রানের ক্যামিওতে ১৮৫ পর্যন্ত যায় কলকাতা।