ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শহীদ জাতীয় নেতা কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ জাতীয় নেতা কামারুজ্জামানের কবরে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় তিনি শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার মাগফিরাত কামনায় নিরবতা পালন করেন।
এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করতে কাজ চলছে বলে জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে।
প্রণয় কুমার ভার্মা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।