তীব্র তাপদাহে পুড়ছে উত্তরের জেলা পাবনা। সকাল থেকেই সূর্যের প্রখর রোদ ও গরম বাতাসে নাভিশ্বাস ছুটেছে সাধারণ মানুষের। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে চিকিৎসকরা পরামর্শ দিলেও জীবিকার তাগিদে কাজে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। কাজের মাঝেই ক্লান্ত হয়ে পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন কৃষিজীবীরা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, গতকাল সোমবার ঈশ্বরদীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর মঙ্গলবারও ছাড়িয়েছে ৪০ এর ঘর। উত্তর ও দক্ষিণাঞ্চলে তাপদাহ আরও কয়েকদিন চলমান থাকবে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের।
প্রচণ্ড দাপদাহ ও চৈত্রের খরায় প্রতিদিন গাছ থেকে ঝরে পড়ছে অপরিপক্ক লিচু ও আমের গুটি। প্রাকৃতিক কারণেই এবার লিচুর জন্য বৈরি সময়। লিচু নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন ঈশ্বরদীর লিচু চাষিরা।
কৃষকরা জানান, যখন মুকুল থেকে লিচু গুটি হয়ে উঠেছে তখন প্রচণ্ড গরমে লিচু ও আমের গুটি ঝরে পড়তে শুরু করেছে। চলতি মৌসুমে বোরো ধানের জমিতে পানি দিতেও হিমসিম খেতে হচ্ছে কৃষকদের।
অন্যদিকে এই তীব্র দাবদাহের মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোনো কোনো এলাকায় ১৪-১৫ ঘণ্টা লোডশেডিংয়েরও খবর পাওয়া গেছে। এতে শিল্প-কারখানায় উৎপাদন কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিষ্ঠান মালিকদের। এমনকি, ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে ব্যাপক প্রভাব পড়েছে।
প্রচণ্ড খরায় জেলায় কৃষি সতর্কবার্তা জারি করেছে কৃষি বিভাগ। আম, লিচুর বাগান ধানের মাঠে প্রয়োজনীয় সেচ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও লোডশেডিং ও পানির স্তর নিচে নামায় তা সম্ভব হচ্ছে না। ঝড়ে পড়ছে আম ও লিচুর গুটি।
পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট সালেহ মোহাম্মদ আলী বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় জমাচ্ছে মানুষ। সেই সঙ্গে ডায়রিয়াও হচ্ছে। শিশুদের সঙ্গে সঙ্গে বৃদ্ধরাও অসুস্থ হয়ে যাচ্ছেন। এ সময় সবাইকে বেশি বেশি খাবার স্যালাইন ও পানি জাতীয় জিনিস খাওয়ার কথা বলেন তিনি।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, তীব্র খরা চলছে। আর এই গরমে ঈশ্বরদীসহ পাবনার সবকটি উপজেলার লিচু ও আমের গুটি ঝড়ে যাচ্ছে। কৃষকদের সাব-মার্সিবলের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার জন্য বলা হয়েছে। অবশ্যই সেই সেচটা রাতে দিতে হবে। চলতি মৌসুমে বোরো ধানের জমিতে সব সময় দুই থেকে তিন ইঞ্চি পানি রাখতে হবে। পাশাপাশি বোরো ধানের জমিতে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে।
এদিকে, তীব্র গরম ও দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন পাবনাবাসী। পাবনার যুব সমাজের আয়োজনে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আশরাফিয়া পাবনার শায়খুল হাদিস হযরত মাওলানা হারুনুর রশিদ।
নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা হয়।