পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট নুনতোর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ সিয়াম (১০)ও একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১৪)। তারা দুই জনই নুনতোর নুরানী মাদরাসায় অধ্যায়নরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) মো. মহসিন আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নিহত সিয়াম, আল আমিনসহ গ্রামের আরও দুইজন শিশু মিলে বাড়ির পাশের পটলা পুকুরের পাশে খেলা করছিল। খেলা করার একপর্যায়ে একজনের জুতা পুকুরের পানিতে পড়ে যায়। পুকুর থেকে জুতা তোলার জন্য পানিতে সিয়াম ও আল আমিন নামে। এক পর্যায়ে তারা দুজনে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা দুইজন শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুকুরের পানিতে তলিয়ে যাওয়া সিয়াম ও আল আমিনকে খোঁজা শুরু করে।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে পুুকুরের পানিতে সিয়াম ও আল আমিনকে খোঁজা শুরু করে। প্রায় ঘণ্টাখানেক খোঁজার পর গভীর পানি থেকে সিয়াম ও আল আমিনকে উদ্ধার করা হয়। এরপর তাদের দুজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।