যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনের চায়না টাউন এলাকায় ‘চীনের গোপন পুলিশ স্টেশন’ পরিচালনা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গ্রেপ্তাররা হলেন- লু জিয়ানওয়াং (৬১) ও চেন জিনপিং (৫৯)। তারা উভয়ই নিউ ইয়র্ক শহরের বাসিন্দা। গত সোমবার ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটর এসব তথ্য প্রকাশ করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ, তারা চীন সরকারের সঙ্গে যোগসাজশ করে যুক্তরাষ্ট্রবিরোধী চক্রান্ত করছিলেন ও চীনের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। ব্রুকলিনের ফেডারেল আদালতের প্রসিকিউটর বলেন, নিউ ইয়র্ক শহর থেকে চীন সরকার গোপনে পুলিশ কার্যালয় চালাচ্ছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এফবিআই প্রধানও জানিয়েছেন, তারা এই ‘পুলিশ স্টেশন’ বা এরকম তৎপরতা নিয়ে রীতিমতো চিন্তিত। অভিযোগ প্রমাণিত হলে উভয় ব্যক্তির ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, গ্রেপ্তার লু ও চেন চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষে যুক্তরাষ্ট্রে প্রথম বিদেশি পুলিশ স্টেশন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। ২০২২ সালে জড়িতরা স্টেশনে এফবিআই তদন্ত সম্পর্কে সচেতন হওয়ার পর সেটি বন্ধ করে দিয়েছিলেন।