জার্মানিতে জিমে ছুরি হামলা, আহত ৪

পশ্চিম জার্মানির ডুসবার্গ শহরের একটি জিমে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এক টুইটে ডুসবার্গ পুলিশ জানায়, আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থাই গুরুত্বর। আহতরা সবাই জার্মান নাগরিক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “অন্তত একজন আক্রমণকারী ছুরি নিয়ে ওই জিমে ঢুকে পড়ে এবং এলোপাথারি ছুরি চালাতে থাকে সে।“

তবে হামলাকারীকে গ্রেপ্তার করতে করা যায়নি, তাকে খুঁজতে অভিযান চলছে এবং হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলছে পুলিশ। তাকে ধরার জন্য গোটা অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। আততায়ী খুব বেশি দূর পালাতে পারেনি বলেই তাদের বিশ্বাস।

এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং হামলার স্থান এড়িয়ে চলতে বলছে প্রশাসন।