আসছে ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তারা।
জানা গেছে, ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে নিয়ে আসছেন এই জুটি। প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ।
গানটি আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।