চঞ্চলের কণ্ঠে এবার বাউল গান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

অভিনেতা চঞ্চল চৌধুরী যে মাঝে মধ্যে গান গেয়েও প্রশংসা কুড়ান, সেটা হয়তো কারো অজনা নয়। অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী এই তারকা এবার কণ্ঠে তুলে নিলেন বাউল গান। তাও একটি নয়, একই ঘরানার দুটি লোকজ গান গাইলেন তিনি।  গান দুটি তিনি গেয়েছেন সিনেমার জন্য। এর মাধ্যমে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় প্লে-ব্যাক গায়ক হিসেবে অভিষেক ঘটছে তার। 

জানা গেছে,ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমার গানে কণ্ঠ শোনা শোনা যাবে অভিনেতার। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন সামাজিক মাধ্যমে জানায়, ‘শেকড়’ একটি চিরন্তন প্রেমের গল্প। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে একাধিক গান রেকর্ড করেছেন চঞ্চল। স্টুডিওতে রিহার্সেলের ছবিও শেয়ার করা হয়েছে। 

চঞ্চল চৌধুরী জানান, সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’ এবং গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহারের প্রস্তাবও নাকি তিনিই দেন। অভিনেতার ভাষ্য, শুটিং চলাকালেই তার মনে হয়েছিল নির্দিষ্ট দৃশ্যে গান থাকলে ভালো হয়। পরিচালক সম্মতি দিলে গান দুটি প্রস্তাব করেন তিনি। পরে ডাবিং শেষে নিজেই কণ্ঠ দেন গানগুলোতে। 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। সিনেমায় চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে একটি কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশে ভুগছে। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কারণে চরিত্রটির সঙ্গে বিশেষ সংযোগ অনুভব করেছেন অভিনেতা। 

গত বছরের অক্টোবরে ‘শেকড়’-এর শুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনসূয়া মজুমদার প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত