ঈদের আগেই আমরা ব্যস্ত হয়ে যাই পোশাক আর সাজসজ্জা নিয়ে। কোন পোশাকে কেমন সাজবেন জানা থাকা চাই। নতুন জামা-কাপড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের বিশেষ সাজ জানালেন শোভন মেকওভারের রূপবিশেষজ্ঞ শোভন সাহা
স্নিগ্ধ সকাল : ঈদের দিন সকালে উঠেই গোসল করে নিতে হবে। এর ফলে সারা দিন প্রাণবন্ত লাগবে। চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সকালে গোসলের সময় চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে, এরপর সিরাম।
এরপর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে চাই স্নিগ্ধ সাজ, অর্থাৎ পরিপাটি লুক। যেহেতু তীব্র গরম বাইরে তাই মেকআপের আগে কিছুটা যতœ নিতে হবে ত্বকের। টোনার দিয়ে মুখের ত্বক টোনড করে সিরাম দিতে হবে এবং কিছুক্ষণ রেখে তারপর ময়েশ্চার ব্যবহার করতে হবে। মুখের ত্বক তৈরি হয়ে গেলে এরপর বিবি ক্রিম ব্যবহার করতে পারি, যদি বাড়িতেই থাকেন তবে ফাউন্ডেশনের পরিবর্তে ন্যাচারাল লুক বজায় রাখতে ডাস্ট পাউডার বা ফেস পাউডার ব্যবহার করা যায়। বেস তৈরি হয়ে গেলে আই ব্রো একে নিতে হবে। যার যার স্কিন টোন অনুযায়ী আই লিড-এ কনসিলার দিয়ে সুন্দর একটি শেড নির্বাচন করতে হবে। তবে এটা করতে হবে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে। এবং হাইলাইটার ব্যবহার জরুরি। এর ফলে চোখের মেকআপ ফুটে উঠবে খুব সুন্দর করেই। আর চোখে মানানসই স্টাইলে আই লাইনারে লাইন ও হালকা মাশকারা ব্যবহার করা যাবে। কড়া রোদে মেকআপ হালকা হলেই ভালো, হাল্কা টোনের ব্লাসন এবং তার ওপর হাইলাইটার ব্যবহারে ফেইস অনেক শার্প ও গরজিয়াস দেখাবে। যেহেতু চোখের মেকআপ হাল্কা হবে তাই লিপস্টিক একটু ডিপ রাখতেই পারি তবে মেট ফিনিশিং অবশ্যই।
সকালের সাজে চুলটা রাখতে পারেন খোলা তবে মাঝখানে সিঁথি করে চুল দুইভাগ করে ফ্রেঞ্চ বেণি চিকন করে করে পেছনে ক্লিপ করে দিতে পারেন। এতে খাবার পরিবেশনের সময় সামনে চুল এসে অহেতুক বিড়ম্বনা তৈরি করবে না। আর এই মেকআপে দুপুর পর্যন্ত কেটে যাবে অনায়াসেই।
স্বস্তির দুপুর : ঈদের দিন দুপুরে সাজটা একটু ন্যাচারাল রাখলেই ভালো। কারণ দিনের কড়া আলোয় অতিরঞ্জিত মেকআপ দৃষ্টিকটু লাগে তাই ঈদের দিনের দুপুরের সাজের ক্ষেত্রে ন্যাচারাল, ফ্রেস, স্নিগ্ধ লুকটাই রাখা জরুরি। তাই দুপুর বেলার সাজে ম্যাটফিনিশ মেকআপ ব্যবহার করতে হবে এবং অবশ্যই খেয়াল হবে মেকআপ স্কিন টোনের সঙ্গে ম্যাচ করছে কি না। দুপুরের সাজে ভালো মানের বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। যা ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে। ঈদের দিনের দুপুরে যেহেতু গরম থাকা স্বাভাবিক তাই মানানসই ও আরামদায়ক হেয়ারস্টাইল করতে হবে যা দেখতেও ভালো লাগবে।
জমকালো রাত : রাতের সাজটা বেশ গর্জিয়াস করতে পারেন। পোশাকের বেলায়ও গর্জিয়াস শাড়ি বা কামিজকেই প্রাধান্য দিন। রাতের বেলার সাজে বেজকে ফোকাস রাখুন। ফাউন্ডেশন, প্যানকেক কিংবা প্যানস্টিক দিয়ে বেজ তৈরি করুন। মুখে দাগ থাকলে কনসিলার দিয়ে দাগ ঢেকে দিন। এরপর ব্যবহার করুন স্কিন টোন ফেস পাউডার। চাইলে লিকুইড বেজও করতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই রেখে চোখ সাজাতে হবে। চোখে স্মোকি লুক এনে চোখের পাতাজুড়ে একটু চকচকে গ্লিটার শ্যাডো লাগিয়ে নিলেই পূর্ণ হবে রাতের সাজ। গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন রাতে। দিন-রাত সব বেলার সাজেই লিপসেলারও ব্যবহার করা যায়। লিপসেলার মেকআপ রিমুভার ছাড়া ওঠে না। খাবার সময়ও তাই নষ্ট হয় না। ঠোঁটের ওপর গ্লিটার ব্যবহারও এখন চলছে। রাতের সাজে ব্লাশন বেছে নিন গোলাপি কিংবা বাদামি। ঈদের রাতের সাজের সঙ্গে গোল্ড, স্টোন, ফ্রেন্সি, মেটাল, পুঁতিসহ সব ধরনের গহনাই ভালো লাগবে।
মডেল : অনিন্দিতা সাহা