একটা সময় টেলিভিশন নাটকই জমিয়ে রাখত ঈদ আয়োজন। তবে এখন নাটকের রঙ অনেকটাই ফিকে। প্রথম সারির তারকারা সেভাবে নাটকে কাজ করছেন না। তারপরও অনেক নাটক আসবে ঈদে। ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বেশ কিছু নাটক। এর মধ্যে রয়েছে এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় নির্মিত নাটক ‘পান্তা ভাতে ঘি’। এটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, মানসী প্রগতি, স্নিগ্ধা, শেলী আহসান, ম আ সালাম, রনি, উপমা, বিধান ও আতাউর রহমান।
চ্যানেল আইয়ে আট দিনব্যাপী ঈদ মহাযজ্ঞে প্রচার হবে ১৫টি নাটক। ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত রেজানুর রহমানের নাটক ‘যে জন মনের ভাব জানে না’। এ নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সুমনা সোমা, মোহাম্মদ বারী প্রমুখ।
ঈদের দিন ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঝগড়াপুরের পিরিতি’। চিত্রনাট্যকার মাসুম রেজার রচনায় এটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, সারওয়াত আজাদ বৃষ্টি, মাসুম বাশার, চিত্রলেখা গুহ প্রমুখ।
রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘ওলট পালট’। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে।
রয়েছে আরও কিছু নাটক। এর মধ্যে ভিকি জাহেদের ‘শব্দ প্রেম’, মাশরিকুল আলমের ‘কদমবনে বৃষ্টি’ উল্লেখযোগ্য।
মাছরাঙা টেলিভিশনের পর্দায় বর্ণাঢ্য আয়োজনে থাকছে একক নাটক ‘গুনগুনিয়ে’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৮টায়। একক নাটক ‘ফেইক হানিমুন’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, তাসনিয়া ফারিণ প্রমুখ। নাটক ‘সুভাষিনী’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়। এটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে আল হাজেনের পরিচালনায় ধারাবাহিক ‘জামাই বাজার ৩’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি প্রমুখ। সাত পর্বে এটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।