ওটিটি প্ল্যাটফর্ম এ প্রজন্মের দর্শকদের পছন্দের জায়গা। তাই তো ঈদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো ঈদে নিয়ে এসেছে নানা আয়োজন।
আশফাক নিপুণ পরিচালিত মহানগর ২০২১ সালে মুক্তি পায়। ঢাকা শহরের এক ক্ষমতাবানের দাপট ও তাকে অপরাধের শাস্তি দিতে চাওয়া পুলিশ অফিসারের গল্প মহানগর। ওসি হারুনের চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। চরিত্রটি দর্শক মহলে এত জনপ্রিয় হয়, যা হয়তো কেউই শুরুতে ভাবেনি। চরিত্রটি এখন একটি কাল্ট হয়ে উঠেছে। ওসি হারুনের রহস্য ও তার নানা গল্প জানতে দর্শক অপেক্ষা করে আছে অনেকদিন। দর্শকের সে আগ্রহে সাড়া দিয়ে গল্পটি নিয়ে আসছেন নিপুণ। ঈদকে সামনে রেখে মহানগর ২-এর স্ট্রিম শুরু হবে। আগামী ২০ এপ্রিল হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।
তবে এবার সবচেয়ে বেশি আলোচনায় আছেন অ্যালেন স্বপন। বাংলাদেশের সিরিজে চরকি ও শিহাব শাহীন উপহার দিয়েছেন ভিন্নধর্মী চরিত্র। গত বছর ঈদুল আজহায় চরকিতে মুক্তি পেয়েছিল শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’। সিরিজটির অন্যতম চরিত্র অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা, পূর্বসূত্রে রহস্যের সম্ভাবনা চরিত্রটিকে জনপ্রিয় করেছিল। এর পাশাপাশি অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় দর্শকের ভালো লেগেছিল। তাকে নিয়ে তৈরি হয়েছিল অসংখ্য মিম। সে অ্যালেন স্বপনের গল্প নিয়ে শিহাব শাহীন আনছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চরকিতেই স্ট্রিম হবে সিরিজটি। এবার নাসির উদ্দিনের সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। সব মিলিয়ে দর্শকের নজর এখন এ সিরিজে।
ঈদ উপলক্ষে তবে ঈদের অনেক আগেই মুক্তি পেয়েছে বিঞ্জের ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। নির্মাতা সামিউর রহমানের প্রথম ওয়েব ফিল্ম কুহেলিকা। অভিনয়ে ছিলেন শাফায়েত মনসুর রানা, নাজিয়া হক অর্ষা, সাফা কবির, ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর ও শরীফ সিরাজ। বর্তমান সময়ের মানুষের সম্পর্ক, সমস্যা, উচ্চাকাক্সক্ষার বিষয়গুলো উঠে এসেছে সিনেমার গল্পে। ক্রাইম থ্রিলার ঘরানার ফিল্মটি স্ট্রিম শুরু হওয়ার পর থেকেই দর্শকের মনোযোগ পেয়েছে। গল্পে একটা টেনশন ছিল, যা দর্শককে পুরোটা সময় ধরে রেখেছে।
বিঞ্জে আরও থাকছে সিনেমা ‘মেইড ইন চিটাগং’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমাটি ওটিটিতে নিয়ে আসছে বিঞ্জ। রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত সিনেমা মেইড ইন চিটাগং। চাঁদরাত থেকে স্ট্রিমিং হবে সিনেমাটি।
মুক্তি পাওয়া সিনেমা ওটিটিতে আনার তালিকায় আরও থাকছে বায়োস্কাপ। ঈদ উপলক্ষে তারা আনছে ‘ব্ল্যাক ওয়ার’। সানি সানোয়ার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মনোজ প্রামাণিক, মজনুন মিজান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। মিশন এক্সট্রিমের সিকুয়ালটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এ বছর জানুয়ারিতে।
ওয়েব ফিল্মের মতোই এবার ওটিটিতে থাকছে ফ্ল্যাশ ফিকশন। দীপ্ত প্লে নিয়ে আসছে ‘শহরে অনেক রোদ’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এবার তিনি খায়রুল বাসার ও সাবিলা নূরকে নিয়ে নির্মাণ করেছেন শহরে অনেক রোদ। থাকছেন তানিয়া আহমেদ ও নাদের চৌধুরী। ঈদের দিন থেকে স্ট্রিম হবে শহরে অনেক রোদ।
আরিয়ান মূলত বাস্তবের গল্প সুন্দর করে বলেন। মিষ্টি প্রেমের গল্পেও তার জুড়ি নেই। শহরে অনেক রোদও সে ধারার ফিল্ম।
ওটিটির অন্যতম আকর্ষণের জায়গা অরিজিনাল সিরিজ। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো এখনো সিরিজ আনতে পারছে না সেভাবে। তবে এ ঈদে দুটো সিরিজ আসছে। এর মধ্যে বঙ্গ আনছে একটি। সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিজে অভিনয় করছেন পূর্ণিমা। তাকে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের একজন অফিসার হিসেবে দেখা যাবে। সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহের বেশকিছু জায়গা রয়েছে। প্রথমত এ সিরিজ পরিচালনা করছেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন কী আনছেন তিনি, তা নিয়ে দর্শকের আগ্রহ থাকাই স্বাভাবিক। অন্যদিকে পূর্ণিমা হতে যাচ্ছেন এ সিরিজের এক্স ফ্যাক্টর।
অরিজিনাল সিরিজ, ফ্ল্যাশ ফিল্ম, স্পিন অফ লাইনআপ দেখে মনে হচ্ছে, সব মিলিয়ে এবার কনটেন্ট কিছুটা কম হলেও প্রায় প্রতিটি কনটেন্ট নিয়েই দর্শকের আগ্রহ থাকছে তুঙ্গে।