ধর্ষণের দুদিন পর চিকিৎসা পেল শিশুটি

অবশেষে দুদিন পর ধর্ষিত শিশুকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর খালা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে কোটালীপাড়া থানায় মামলা হয়েছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল বিকেলে কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশু ১৭৩ নম্বর দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। ধর্ষণের দায়ে অভিযুক্ত বিকাশ হালদার স্থানীয় রাধাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্রভাবশালী মৃণাল হালদারের ছোট ভাই হওয়ায় ওই শিশুটি চিকিৎসা নিতে পারছিল না। তার খালা খবর পেয়ে পাশের জেলা মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ধর্ষিতার খালা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। তখন প্রতিবেশী ও সম্পর্কে চাচা বিকাশ হালদার তাকে ঘর থেকে ডাক দেয়। শিশুটি ঘরে গেলে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলেও ওই মেম্বার ও ধর্ষকের বাধার কারণে চিকিৎসা করাতে পারছিল না পরিবারটি। শিশুটির মা জর্ডান প্রবাসী এবং ঘটনার সময় তার বাবাও বাড়িতে ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষক অপকর্মটি করে।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।