খামারে আগুন লেগে কুমিল্লার নাঙ্গলকোটে ফজলুল হক নামের এক খামারির ১২টি গরুর মধ্যে ৯টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। বাকি তিনটি অসুস্থ হলে জবাই করে দেওয়া হয়। গত বুধবার গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউপির দূর্বা পুষ্করিনী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে খামারে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যান কৃষক ফজলুল হক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গভীর রাতে আগুন লাগে খামারে। এতে ৯টি গরু পুড়ে ছাই হয়ে যায়। বাকি তিনটি অসুস্থ হলে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জবাই করে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত খামারি ফজলুল হক কাঁদতে কাঁদতে বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারে ১২টি গরু লালন পালন করেন আসছি। স্বপ্ন ছিল এবার কোরবানির ঈদে গরুগুলো বিক্রি করে ঋণ শোধ ও খামার আরও বড় করব। কিন্তু আগুন লেগে সব শেষ হয়ে গেল। প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হলো।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মাহবুব বলেন, ‘বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করলে তাকে সরকারি সহায়তা দেওয়া হবে।’