ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) সকাল ৭টায় এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন কারি মো. ইসহাক।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা পড়েন ইমাম। মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সকল বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

প্রতিবারের মত এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত হবে। আর ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়, ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আবদুল মান্নান।

ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মো. আবু ছালেহ পাটোয়ারী ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

এসব জামাতে নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।