রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি বনানীর একটি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
পারিবারিক সূত্র জানায়, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তাঁর বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাতে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন সকালে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে একটু কম দেখতেন। তিনি ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। সেখানে মরদেহের সুরতহাল সম্পন্ন করি।’
ডিসি জাহিদুল জানান, পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।