নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে রকিবুর হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় তার ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রকিবুর হাসান ও আহত হাবুল্লাহ হাসান ওই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে।
জানা যায়, আজ সকালে বৃষ্টির মধ্যে দুই ভাই বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন। সকাল ৯টার দিকে বজ্রপাত শুরু হলে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তারা বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুর হাসানকে মৃত ঘোষণা করেন। আহত হাবুল্লাহ হাসান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, উপজেলা পরিষদ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। যিনি মারা গেছেন তার দাফন কার্যের জন্য ১৫ হাজার টাকা ও আহতের জন্য পাঁচ হাজার টাকা সরকারি অনুদান প্রেরণ করা হয়েছে।