সাতক্ষীরায় ৩ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুজন।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, রবিবার রাত সাড়ে ৯টার সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার কফি শপের সামনে এক সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের পুত্র। এরপর নিহত বারীর আহত পুত্র রেজোয়ান ও ওমর ফারুকের পুত্র মাহমুদ (২৫) খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায়। আহতরা হলেন, খানপুর গ্রামের আনারুল ইসলামের পুত্র রায়হান (২৮) ও রইচপুর
গ্রামের আব্দুল হাকিম (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জিহাদ আরও জানান, রেজওয়ান ও তার পিতা কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়।