দখলকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারের চেষ্টার অভিযোগে জর্ডানের এক সংসদ সদস্যকে (এমপি) গ্রেপ্তার করেছে ইসরায়েল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইমাদ আল-আদওয়ান নামের ওই এমপিকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। অসমর্থিত সূত্রে জানা গেছে, তারা কাছ থেকে ১২টি মেশিনগান এবং ২৭০টি অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘যত দ্রুত সম্ভব’ মামলাটি সমাধান করার চেষ্টা চলছে।
অপরদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, নিরাপত্তা সংস্থা শিন বেট ইমাদ আল-আদওয়ান কাদের জন্য অস্ত্র সরবরাহ করতেন এবং আগেও এই কাজ করেছেন কি না তা জানার চেষ্টা করছে।