ময়মনসিংহে ঈদের দিন ভোররাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাদেক আলী ও হাবিবুর রহমান নামে দুই অটোরিকশা চালক হত্যাকা-ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছিনতাইকারীদের টাকা দিতে অস্বীকৃতি ও বাধা দেওয়ার ফলে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ছিনতাইকারীরা।
গ্রেপ্তারকৃতরা হলো নগরীর গোহাইলকান্দি এলাকার ভজন কুমার দে’র ছেলে অনন্ত কুমার দে (১৯), মোহাম্মদ খোকনের ছেলে মামুন (১৯) ও কাজী মিল্লাতের ছেলে কাজী মাহিন বাদশা (১৯)। এদের মধ্যে মামুন নগরীর সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও অনন্ত ময়মনসিংহ কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসব তথ্য জানান।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, সদর উপজেলার দাপুনিয়া বাজারের চান মিয়ার ছেলে সাদেক মিয়া (৩৫) ও চরঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১) ঈদের আগের রাত শুক্রবার রিকশা নিয়ে বের হন। পরে ভোরের দিকে নিরিবিলি স্থানে নিয়ে তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার তিনজন বন্ধু। তারা মাদকাসক্ত ও পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।