বগুড়ার আদমদীঘি উপজেলায় পানিতে ডুবে মোজাহার হোসেন (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সান্তাহারে এ ঘটনা ঘটে।
মোজাহার হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহার হোসেন কয়েক বছর ধরে মাদক সেবন করতো। আস্তে আস্তে সে মাদকাসক্ত হয়ে পড়েন। গত সোমবার সন্ধ্যায় অতিরিক্ত দেশি মদ সেবন করে সান্তাহার থেকে বাড়ি ফিরেন মোজাহার হোসেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নেশাগ্রস্ত অবস্থায় বসে ছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পুকুরে পড়ে গেলে ডুবে যান তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।