কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে হিমেল আহমেদ (২৪) নামের এক পর্যটক নিখোঁজ রয়েছেন। এ সময় লাইফগার্ড কর্মীরা উদ্ধার করেন নিখোঁজের বন্ধু মোহাম্মদ ইমরানকে (২৪)।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে এই ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে।
এর আগে মঙ্গলবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর বাসিন্দা মোহাম্মদ শাহজাহান নামে এক পর্যটকের মৃত্যু হয়।
নিখোঁজের বন্ধুদের বরাত দিয়ে টুরিস্ট পুলিশের কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন। মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকেন।
তিনি জানান, এ সময় স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল ভেসে যান।