কাঁকড়া ও কুঁচে রপ্তানি

ভর্তুকি পেতে লাগবে বিএফএফইএ’র প্রত্যয়ন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হিমায়িত ও সফটসেল কাঁকড়া ও কুঁচে রপ্তানির বিপরীতে ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ভর্তুকি পেতে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) প্রত্যয়ন লাগবে। এতদিন বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নে সনদপত্র লাগত।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, কাঁকড়া ও কুঁচে রপ্তানির বিপরীতে ভর্তুকি পেতে হলে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নে সনদপত্র সংযুক্ত ফরম ‘খ-১’ অনুসারে দাখিল করতে হবে। একইভাবে কাঁকড়া ও কুঁচে রপ্তানি ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স, অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র (ফরম ‘খ-২’ অনুসারে) দাখিলের শর্ত আগের মতো বহাল থাকবে।

গতকাল থেকে জাহাজী করা পণ্যের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হয়েছে। একই সঙ্গে আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সব এফই সার্কুলার বা সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।