রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হত্যা চেষ্টার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন ফের খারিজ করেছে আদালত। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার ৮ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা এ আদেশ দেন। একই মামলায় এর আগে গত ২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামুনুলের জামিনের আবেদন নাকচের আদেশ দেন। আদালতে মামুনুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ। তিনি জানান, মামলাটি এখনো তদন্তের পর্যায়ে রয়েছে।
এদিকে ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে পুলিশসহ ২ জন সাক্ষ্য দিয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য দেন তারা।
সাক্ষীরা হলেনÑ এএসআই আজিজুল হক ও বাড়ির মালিক মোশারফ হোসেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ১৯ ও ২০ নম্বর সাক্ষী দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হক তার অনুসারীদের শক্ত থাকার কথা বলেছেন। সত্যের ওপর অবিচল থাকার কথা বলেছেন। সত্যের একদিন জয় হবে; সত্য মিথ্যা দিয়ে ঢাকা যায় নাÑ এসব কথা বলেছেন।