দীর্ঘ ২৮ বছর পর চকরিয়ার রাজাখালীতে গৃহবধূ হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সাইফুল এলাহী এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের 'জা' খালেদা বেগম এবং তার ভাই রুহুল আমিন। তবে খালেদা বেগমের স্বামী আবদুল খালেক মৃত্যুবরণ করায় তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা কাটগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী ও আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী বলেন, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি রাজাখালীর মাতবর পাড়ায় হত্যাকাণ্ডের শিকার রোজিনা আক্তার রোজিকে যৌতুকের জন্য নির্মমভাবে গলা কেটে হত্যা করেন নিহতের ভাশুর আবদুল খালেক, তার স্ত্রী খালেদা বেগম এবং খালেদার ভাই রুহুল আমিনসহ কয়েকজন।
তিনি জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২৮ বছর পর আজ বুধবার তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় আসামি রুহুল আমিন ও খালেদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে রায়ের আগে মৃত্যুবরণ করেন অপর সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেক। এ কারণে তাকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।