ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামার সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বুধবার উপজেলার উচাখিলা বাজারে আলেম উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তফাকুল উলামার উচাখিলা শাখার পক্ষে হিজবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উচাখিলা-লক্ষিগঞ্জ সড়কে আসার পর পেছন থেকে মিছিলের ওপর হিযবুত তওহীদের সদস্যরা আক্রমণ করেন।
এতে ইত্তফাকুল উলামার ১৪ জন সদস্য আহত হয়।
আহতদের মধ্যে মাও. আবু নাঈম (৩০)' হাফেজ মাও. আসাদ উল্লাহ (৩০)' হাফেজ মিজানুর রহমান (২৫) কে গুরুতর অবস্থায় ময়মনিসংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের বিষয়টি ইত্তেফাকুল উলামা উচাখিলা ইউনিয়নের সভাপিত মাও. আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাও. আক্তারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে হিযবুত তওহীদের কিছু সদস্য ইসলামি শরীয়া রাষ্ট্রীয় আইনের প্রচলিত বিয়ে, নামাজ, রোজা, হজসহ ইসলামের নানান বিষয়ে মানুষকে ভুল বুঝিয়ে ইসলামবিরোধী কর্মকাণ্ড করে আসছে। এরই প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হিজবুত তওহীদ সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রায় ১২-১৪ জনকে আহত করে। ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, হিযবুত তওহীদ ও ইত্তেফাকুল উলামা সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।