'এমপির নির্দেশে' সাবেক সচিবের অনুষ্ঠানে হামলার অভিযোগ

ভোলার চরফ্যাশনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ঢাকা অফির্সাস ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে সন্ত্রাসী হামালার অভিযোগ উঠেছে।

আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মেজবাহ উদ্দিন।

তিনি অভিযোগ করেন, আগামী সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) বিকেলে চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় ভোলা ৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামে স্লোগান দিয়ে ২০/২৫ টি মোটরসাইকেল নিয়ে একদল সন্ত্রাসী পেছন দিক থেকে তার কর্মীদের ওপর হামলা চালায়। এতে তার ১৫ জন কর্মী আহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার শ্বশুর বাড়িতেও হামলা করে লোকজনকে মারধর করেছে। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে তার লোকজনকে পথে-ঘাটে মারধর করা হচ্ছে। মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়া হচ্ছে। তার জনপ্রিয়তা দেখে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব লোকজন দিয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার শশীভূষণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে চরফ্যাশন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেজবাহ উদ্দিনের ওপর হামলার সাথে আওয়ামী লীগ বা এর কোন অঙ্গ সংগঠনের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।