ঈদ উপলক্ষে সাবেক সচিব মেজবাহ উদ্দিন ভোলার চরফ্যাশনে শুভেচ্ছাবিনিময় করার সময় এমপির নির্দেশে তার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। গতকাল বুধবার দুপুরে ভোলা প্রেস ক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
মেজবাহ উদ্দিন জানান, আগামী সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গত সোমবার বিকেলে চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করছিলেন। এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামে সেøাগান দিয়ে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে একদল সন্ত্রাসী তার কর্মীদের ওপর হামলা চালায়। তারা তার শ^শুরবাড়িতেও হামলা করে লোকজনকে মারধর করে। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে তার লোকজনকে পথেঘাটে মারধর করা হচ্ছে। মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। সংসদ সদস্য আবদুুল্লাহ ইসলাম জ্যাকব লোকজন দিয়ে এমন ঘটাচ্ছেন বলে দাবি করেন তিনি।
এসব ঘটনায় গত মঙ্গলবার শশীভূষণ থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, মেজবাহ উদ্দিনের ওপর হামলার ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা কোনো অঙ্গ সংগঠনের কর্মীরা জড়িত নয়। চরফ্যাশন কোনো মাদক সেবনকারীর এলাকা নয়, চরফ্যাশন একটি উন্নয়নের এলাকা।
অপরদিকে, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব অভিযোগ অস্বীকার করেন।