চলন্ত ভ্যানে ওড়না পেচিয়ে এক নারী ছিটকে রাস্তায় পড়ে গেলে কোলে থাকা তার ৪ মাসের কন্যার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুর নাম তানিশা। সে উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গণি ও লিপি বেগম দম্পতির সন্তান।
যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আল মামুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে লিপি বেগম মেয়ে তানিশাকে কোলে বসিয়ে ভ্যানে চড়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী গ্রামে যাচ্ছিলেন। নারাঙ্গালী বাজার এলাকায় ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে গেলে লিপি রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় কোলে থাকা তানিশাসহ তিনি আহত হন। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তানিশার মৃত্যু হয়। লিপি বেগম হাসপাতালে চিকিৎসাধীন।