গরুসহ ট্রেনে কাটা পড়লেন কৃষক

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে দুটি গরুসহ আব্দুর সত্তর (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর সত্তর ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, কৃষক আব্দুর সত্তর প্রতিদিনের মতো তার দুটি গাভীকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। গাভী নিয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শব্দ পেয়ে গরুগুলো ট্রেন রাস্তা ধরে দৌড়াতে থাকে। এ সময় গরুগুলোকে রক্ষা করতে গিয়ে গরুসহ আব্দুর সত্তর ট্রেনে কাটা পড়ে নিহত হন।

মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. কামরুল হাসান ট্রেনে কাটা পড়ে গরুসহ কৃষক নিহত হওয়ার খবর জানতে পেরেছেন বলে জানান।