আইপিএলে স্থায়ী হতে ক্রিকেটারদের যে প্রস্তাব ফ্র্যাঞ্চাইজির

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও কাউন্টি দলের সঙ্গে চুক্তি বাতিল করতে চান দেশটির কিছু শীর্ষ ক্রিকেটার। সেখানে থেকে তারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলের পূর্ণ মেয়াদে যোগ দেওয়ার কথা ভাবছেন। আর সেই সুযোগটাই নিতে চায় আইপিএলের দলগুলো। ফুটবলের মডেল অনুসরণ করে এগোতে বিশ্বের জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগটি।

প্রাথমিকভাবে আলোচনা হয়েছে ইংল্যান্ডের অন্তত ছয় ক্রিকেটারের সঙ্গে, যাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটারও আছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছেন, আদর্শগতভাবে তারা ইসিবি ও কাউন্টি দল বাদ দিয়ে ভারতের কোনো ফ্র্যাঞ্চাইজি দলকে প্রধান নিয়োগকর্তা হিসেবে মেনে নিতে রাজি আছেন কি না।

ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ বুধবার তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানেই এই বিষয়টি উল্লেখ করেছে তারা।

আরও পড়ুন : স্থায়ীভাবে আইপিএলে চুক্তিবদ্ধ হতে পারেন ক্রিকেটাররা

সূত্র মারফত টাইমস জানিয়েছে, ‘খেলোয়াড়দের সংগঠন প্লেয়ার্স ইউনিয়নের সঙ্গে আলোচনার পর ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে ১২ মাসের চুক্তি নিয়ে আলোচনা শুরুর পর বিষয়টি এ পর্যন্ত গড়িয়েছে। এটি ফুটবলের মডেল অনুসরণ করে এগোচ্ছে, যেখানে একজন খেলোয়াড়ের একটি দল থাকবে এবং আন্তর্জাতিক বিরতিতে তাকে ছাড়া হবে, এখন যেটার ঠিক উল্টো হচ্ছে।’

টাইমসের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা ‘পিটিআই’ও একই খবর দিয়েছে। ইংল্যান্ডের ছয় ক্রিকেটারকে নাকি মাল্টি–মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে। টাকার অঙ্কটা নিশ্চিত করা না গেলেও ভারতের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী তা বার্ষিক ৫০ লাখ পাউন্ড হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি টাকা।

‘হিন্দুস্তান টাইমস’ ব্রিটেনের ‘টাইমস’–এর সূত্র উল্লেখ করে দাবি করেছে, ইংল্যান্ডের ছয় ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে এই চুক্তির অধীনে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।

এদিকে আইসিসিও ঠিক করার চেষ্টা করছে, একজন ক্রিকেটার এক বছরে কতগুলো লিগে খেলতে পারবেন। আইপিএলের দলগুলোর সঙ্গে পূর্ণ মেয়াদে চুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার কিছু তারকা ক্রিকেটারদের সঙ্গে নাকি এরই মধ্যে আলোচনা হয়েছে। এখন কথা চলছে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে। টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসিবির ‘কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা শীর্ষস্তরের খেলোয়াড়দের সঙ্গে (প্রস্তাবিত) এই চুক্তির মূল্য বছরে ২০ লাখ পাউন্ড থেকে ৫০ লাখ পাউন্ডের বেশি হতে পারে।’

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস’-এর উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘এই চুক্তির প্রস্তাব চলতি বছরের শেষ দিকে দেওয়া হতে পারে বলে টাইমসকে জানিয়েছে একটি সূত্র।’