ভয়াবহ সংঘাত-সহিংসতায় প্রায় দু’সপ্তাহ ধরেই আতঙ্কের নগরী সুদানের রাজধানী খার্তুম। ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির মধ্যেও চলছে গোলাগুলি। চরম আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। বিদেশিদেরও সরিয়ে নিতে চলছে অভিযান। খার্তুম থেকে যুক্তরাজ্য এ পর্যন্ত ৩ শতাধিক নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে। এখনো আটকা পড়ে আছে প্রায় ৪ হাজার। দেশটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন ১৬ হাজারের বেশি, তাদের অনেকে এখনো সেখানেই আছে। সুদান থেকে ভারতের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পরিচালিত হচ্ছে ‘অপারেশন কাবেরি’। জেদ্দা হয়ে ৩৬০ ভারতীয়র প্রথম দলটি দিল্লি পৌঁছেছে গত বুধবার। সুদান থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে নেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। ৫৬টির বেশি দেশের নাগরিকদের প্রাথমিকভাবে আশ্রয় দেওয়া হয় সেখানে। সাইপ্রাস, ইথিওপিয়া, মিসরের বিমানবন্দরেও নেওয়া হচ্ছে অনেককে।