গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ফকির মজনু শাহ্ সেতুর সব বাতি দীর্ঘদিন ধরে নষ্ট। একটি বাতিও না জ্বলায় রাতের বেলা সেতুটিতে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। এতে সন্ধ্যার পর থেকে এ সেতুতে চলাচলকারীরা নানা দুর্ভোগে পড়ছেন। দুর্ঘটনার পাশাপাশি চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের পাশ দিয়ে প্রবাহিত বানার নদের ওপর প্রায় ৩৯০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের ফকির মজনু শাহ্ সেতুতে ৩২টি ল্যামপোস্ট রয়েছে। একটি ল্যামপোস্টের বাতি হঠাৎ হঠাৎ জ¦লে আর নিভে। আর বাকি ল্যাম্পপোস্টের বাতিগুলো পুরোপুরিই নষ্ট।
সেতুর পশ্চিম প্রান্তের মুদি দোকানি শহিদুল্লাহ বলেন, ‘২০০৫ সালে সেতুটি উদ্বোধনের পর থেকে বেশিরভাগ সময়ই বাতিগুলো জ¦লে না। নানা দেন দরবারের পর ঠিক করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে আবার নষ্ট হয়ে যায়।’
কাপাসিয়া গ্রামের রুবেল মিয়া বলেন, ‘সেতুতে বাতি নষ্ট থাকায় গত আট থেকে ১০ দিন আগে রাতে চার ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়ে তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা খুইয়েছেন।’
সেতুর পাশের ফুচকা দোকানি ভুট্টো মনিদাস বলেন, ‘রাতের অন্ধকারে প্রায়ই সেতুর ওপর মাদকসেবীদের আড্ডা বসে। প্রায়ই তারা ঝগড়া ও মারামারিতে লিপ্ত হয়।’
তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামের বাসিন্দা রিকশাচালক কলিম মিয়া বলেন, ‘অন্ধকারে সেতুতে উচ্ছৃঙ্খল যুবকদের আড্ডা ও ছিনতাইয়ের ভয়ে রাতে এই সেতু দিয়ে সাধারণত চলাচল করি না।’