ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ১২

দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে রুশ বিমান হামলায় ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সকালের সূর্য ওঠার আগেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে বিমান হামলার সতর্কতা সাইরেনের শব্দ আর বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছিল। তাদের মধ্যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রো অঞ্চলে ২ এবং উমানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউক্রেন দাবি করছে রাজধানীজুড়ে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জারি রেখেছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) ভোররাতে দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো বলছে, দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কিয়েভের এক বাসিন্দা ক্ষুদেবার্তার মাধ্যমে আল জাজিরাকে জানান, বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে। মনে হচ্ছিল, ভূমিকম্প হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মধ্য ইউক্রেনের উমানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে আগুন এবং ধোঁয়া। ফুটেজে আরো দেখা গেছে, ভবনের একটি কোণ ধসে পড়েছে এবং মাটির নিচে ধ্বংসস্তূপের স্তূপ।

চেরকাসির গভর্নর ইহর তাবুরেটস বলেছেন, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে এবং পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে দিনিপ্রোতে, শহরের মেয়র বরিস ফিলাটভ জানান, রাতের হামলায় একজন মহিলা এবং তিন বছরের একটি শিশু নিহত হয়েছে।

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। ঠিক সেই সময়েই এই জোরালো অভিযান চালানো হলো।