নেত্রকোনায় পৃথক অভিযানে ১০ টন ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চার জনকে আটক করা হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে আটককৃতদের পৃথক তিন মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের খোকন মিয়া (৩৮), সদর উপজেলার ধীতপুর গ্রামের জলিল মিয়া (৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকার ভজন কর (৪৫) ও কর্ণপুর গ্রামের শফিকুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উড়াদিঘী গ্রামের আকিল উদ্দিন ফকিরের মাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৩০ বস্তায় সাড়ে ছয় টন ভারতীয় চিনিসহ একটি পিকআপ ভ্যান জব্দ এবং খোকন মিয়া নামে একজনকে আটক করা হয়।
একই দিন রাত ৯টার দিকে একই সড়কে অভিযান চালিয়ে আরও ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় জলিল মিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে একই সড়কের বাইশধার গ্রামের মাহবুবুর রহমান শাওনের বাড়ির সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকায় ভজন কর ও শফিকুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশ।
বারহাট্টা থানা থানার ওসি খোকন কুমার সাহা জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১১ লাখ ১১ হাজার টাকা বলে জানান তিনি।