কুড়িগ্রামের ফুলবাড়ীতে সঙ্গীতশিল্পী নোবেলকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল ছুড়েছে জনতা। হামলার মুখে মঞ্চ ত্যাগ করেন নোবেল। স্টেজে মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙার পর জনতা তার ওপর ক্ষুব্ধ হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে আসেন নোবেল। তবে গান গাওয়ার সময় অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে তাকে। এ ঘটনায় বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। রাত ৯টার দিকে গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০ মিনিটে। গান গাওয়ার এক পর্যায়ে মাতলামি করতে করতে বসে পড়েন। তার এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন নোবেলের দিকে। পরবর্তীতে আয়োজকরা নোবেলকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যান।
ফেসবুকে বিশ্বজিৎ বর্মন নামের একজন লিখেছেন, সারা দিনের অনেক ক্লান্তির পরও নোবেলের গান শুনতে ফুলবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গেলাম। জি বাংলায় দেখে নোবেলকে বাংলাদেশি বলে গর্ব করতাম।
মিডিয়ায় অনেক কিছু দেখেছি তাকে নিয়ে, ভাবতাম এসব ষড়যন্ত্র। কিন্তু আজ দর্শক হয়ে যা দেখলাম তাতে, মন থেকে মেনে নিতে পারছি না।
তিনি আরো লিখেছেন, ফুলবাড়ি ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে একটি কলঙ্কময় অনুষ্ঠানে পরিণত করলেন শিল্পী নামধারী এই মাতাল। অতিরিক্ত মদ্যপান করে মঞ্চে গান না গেয়ে মাতলামো করে, ফলশ্রুতিতে দর্শক পানির বোতল ও জুতা ছুড়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। দীর্ঘ সময়ের অনেক কষ্ট, এবং পুরো প্রোগ্রামের অনেক অনেক সফলতা মাত্র চার মিনিটেই ধুলোয় মিশিয়ে দিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখার রুচি টুকুও হারিয়ে ফেলেছি।
তবে এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ রকম ঘটনা ঘটেনি। স্টেজে মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙার ঘটনা ঘটেনি। কোথায় মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙার ভিডিও আছে আমাকে দেখান।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৭ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠিত হয়। ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সদস্য সচিব ও জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।