মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলেহিম হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গতকাল শুক্রবার উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এই ঘটনা ঘটে। নিহত আলেহিম মোহাম্মদপুর গ্রামের আবদুল গনির ছেলে। তিনি কৃষিকাজ করার পাশাপাশি ভ্যান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতেন।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, ১৬ কাঠা জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু ম-লের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে আলেহিমের চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যায়। সেখানে খলিলুর রহমানের সঙ্গে আলেহিম দেখা করতে যান। এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আবদুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টুসহ তাদের সহযোগীরা জমি দখল করতে যান। এতে আলেহিম ও খলিলুর রহমান বাধা দিলে তারা আলেহিম ও খলিলুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে আলেহিম নিহত হন। খলিলুর রহমানকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। আর এ বিষয়ে অভিযুক্তদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।