গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে দুই কাঁচামাল ব্যবসায়ী নিহত এবং দুজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হলেন সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫) এবং সঞ্জয় বৈরাগী (৩৫)। এ সময় অপর দুই ব্যবসায়ী আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সদর উপজেলার তালাবাজারে কাঁচামাল বিক্রি শেষে চার ব্যবসায়ী নছিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে ফেরার পথে সোনাশুর নামক স্থানে সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে নছিমনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পিকআপ ভ্যান চাপায় নিহত ১ : রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানের চাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বাবুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ‘বলাকা পরিবহনের’ চালক ছিলেন; থাকতেন উত্তরার জসীমউদদীন রোডে।