বালু নিয়ে বিবাদে যুবকের হাত কাটল প্রতিপক্ষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালু ব্যবসা নিয়ে বিবাদের জেরে এক যুবকের হাত কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুনা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বালু ব্যবসা নিয়ে ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের মো.বুলবুল মিয়ার (২৫) সাথে একেই গ্রামের মো.রনি মিয়ার (৩০) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ধারালো দা দিয়ে কোপ দেন, এতে বুলবুলের ডান হাত কনু থেকে প্রায় আলাদা হয়ে যায়।

স্বজনরা গুরুতর আহত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজারে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান বলেন, আজ সন্ধ্যায় হাত কাটা অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মো.জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আসামিদের ধরতে অভিযান চালানো হবে।