যশোরের চৌগাছায় ধান খেতের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বসির উদ্দীন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার তেঘরী গ্রামের দুয়ালের মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে বসির উদ্দীন ধান খেতে কাজ করতে যান। সন্ধ্যার দিকে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরে আসছিলেন। তিনি গ্রামের মোড়ে পৌঁছালে বজ্রাঘাতের শিকার হন। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।